সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খাদিজা (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জামসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোছা. খাদিজা যশোরের শার্শা থানার রাড়ীপুকুরিয়া (ডাকঘর: চালিতাড়িয়া দীঘা) এলাকার খলিল সরদার ও আসিয়া বেগমের মেয়ে এবং মনিরুজ্জামানের স্ত্রী। বর্তমানে তিনি সাভারের উত্তর জামসিং এলাকার মামুনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাভারের জামসিং এলাকা থেকে খাদিজাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















