ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ এবং অনিয়মের অভিযোগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। বৈঠকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে জোটটি।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনী পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব উপস্থিত রয়েছেন। অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম

প্রতিনিধি দলে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য নেতারা।
বৈঠকের আগে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে বেশ কিছু লিখিত প্রস্তাবও কমিশনের কাছে জমা দেওয়া হবে।
আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে আয়োজনের সময়সূচি রয়েছে।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছিল জামায়াতে ইসলামী। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও উদ্বেগ জানিয়ে আসছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সঙ্গে জোটের এই বৈঠককে নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের অবস্থান ও দাবিদাওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
















