গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা সদরের ছোটশিমুলতলা পান হাটে এ ঘটনা ঘটে। এ সময় হাটের একাধিক টিনের চালা ভাঙচুর ও কয়েকটি গাছ কেটে ফেলা হয় এবং দেশি অস্ত্র হাতে বেশ কয়েকজন মহড়া দিতে দেখা যায়। এতে ঐ এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এই পান হাটটি এলাকার অন্যতম বৃহৎ পান বাজার। কিন্তু সরকারি ইজারাভুক্ত নয়। ব্যক্তি মালিকানাধীন জমিতে ‘শিমুলতলা পানচাষি সমবায় সমিতি’ নামে একটি সংগঠন গত ৭-৮ বছর ধরে হাটটি পরিচালনা করে আসছে।
শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

তারা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় একটি পক্ষ হাটটির নিয়ন্ত্রণ নেয় বলে অভিযোগ উঠে। ‘পানচাষি কল্যাণ সমিতি’ নামে একটি সাইনবোর্ড লাগিয়ে ওই চক্রটি হাটের টোল আদায় শুরু করে। এতে শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে গত ২০ মে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরে ‘শিমুলতলা পানচাষি সমবায় সমিতি’র পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এতে প্রশাসন হাটের কার্যক্রম স্থগিত ও হাটের টিনের শেডগুলো অপসারণের নির্দেশ দেয়। অপরদিকে জমির মালিকও তার জমিতে হাট না বসানোর জন্য অবগত করেন।
এদিকে, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে টিনের শেডগুলো অপসারণের কাজ শুরু করা হলে হাটের বর্তমান নিয়ন্ত্রণকারীরা তাতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটানস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ককটেল বিস্ফোরণ না পটকা ফোটানো হয়েছে তা পুলিশ তদন্ত করছে।

















