শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ আবারও জুটি বেঁধেছেন। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর তাঁদের তৃতীয় সিনেমার নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে থাকছেন, তা নিয়েই এখন চলছে আলোচনা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘মহব্বত’-এ পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান নায়িকার বিষয়ে এখনই কিছু জানাতে চাইছেন না। তাঁরা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে শেষ পর্যন্ত কে শাকিবের বিপরীতে অভিনয় করবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের আগের দুই সিনেমাতেও ভিনদেশি অভিনয়শিল্পীদের দেখা গেছে। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পরে কলকাতার জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেন ইধিকা।

অন্যদিকে, এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। তাই ‘মহব্বত’-এও ভিনদেশি কোনো অভিনয়শিল্পী থাকলে সেটি আগের দুই সিনেমার ধারাবাহিকতা হবে।
সিনেমাটির আনুষ্ঠানিক পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পোস্টারে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই… পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!’

তবে সিনেমাটির নায়িকা হিসেবে শেষ পর্যন্ত পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রী থাকছেন কি না, সেটিই এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল।

















