টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে একসঙ্গে দেখলেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান ভক্তরা। একসময় পর্দায় তাদের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সময়ের সঙ্গে দুজনের ব্যক্তিজীবনের পথ আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য যে এখনও অটুট, তা আবারও দেখা গেল জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র বিশেষ পর্বে।
অনুষ্ঠানের মঞ্চে অতীতের সম্পর্ক ও বর্তমানের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, অতীতে তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—দেব যখনই তাকে প্রয়োজন মনে করবেন, তিনি সবসময় পাশে থাকবেন। শুভশ্রীর এমন আশ্বাসে মঞ্চজুড়ে করতালির সৃষ্টি হয়।
সাবেক সহ-অভিনেত্রীর এমন বক্তব্যের জবাবে আবেগঘন কণ্ঠে দেব বলেন, ‘ও আমার থেকে বেশি আমাকে বোঝে বলে আমার মনে হয়।’ দেবের এই মন্তব্যের পর দুজনের সেই মিষ্টি কথোপকথনের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্ত ও নেটিজেনদের অনেকেই তাদের পারস্পরিক শ্রদ্ধার এই মুহূর্তের প্রশংসা করেছেন।
এআই দিয়ে ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান, আইনি পদক্ষেপ নেবেন তাসরিফ খান!

অনুষ্ঠানে অনির্বাণের জনপ্রিয় গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে’ গাইতেও শোনা যায় অনির্বাণকে। সেই গানের আবহে দুজনের সম্পর্কের পুরোনো স্মৃতি যেন নতুন করে ফিরে আসে। একসময় তিক্ততা থাকলেও সময়ের সঙ্গে সম্পর্কের জায়গায় পারস্পরিক শ্রদ্ধাই বড় হয়ে উঠেছে—এমনটাই ফুটে ওঠে অনুষ্ঠানের কথোপকথনে।
বর্তমানে দেব ও শুভশ্রী দুজনেই নিজ নিজ ব্যক্তিজীবন ও কর্মজীবনে প্রতিষ্ঠিত। তবে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জলিয়া রে’, ‘রোমিও’ ও ‘খোকাবাবু’র মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করা এই জুটিকে ফের একফ্রেমে দেখায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
তবে তাদের এই কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ কেউ অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ শুভশ্রীর বর্তমান ব্যক্তিজীবনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন। কেউ কেউ দেবের বর্তমান সম্পর্কের প্রতিও সম্মান দেখানোর কথা বলেছেন।
তবে এসব মন্তব্যের বাইরে ‘দাদাগিরি’র মঞ্চে দেব-শুভশ্রীর কথোপকথনে যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রকাশ ঘটেছে, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

















