শুটিং চলাকালে হঠাৎ পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নয়, সঞ্চালকের চেয়ারে বসেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়। তবে ভক্তদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে অমিতাভ জানিয়েছেন, তার চোট গুরুতর নয়।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিটি পর্বের শুরুতে সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপ দিয়ে অনুষ্ঠান শুরু করেন অমিতাভ বচ্চন। কিন্তু এবার সেই চেনা দৃশ্যের পরিবর্তে শুরুতেই সঞ্চালকের চেয়ারে বসে পড়েন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।
অমিতাভকে এভাবে বসে থাকতে দেখে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়। পরে বিষয়টি নিজেই পরিষ্কার করেন বিগ বি। অনুষ্ঠানের শুরুতে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে জানান, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে তার বাঁ হাঁটুতে চোট লাগে।
দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!

চোটের কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য কিছুটা কষ্টকর হয়ে পড়ে। তাই বাধ্য হয়েই বসে থেকে পর্বের শুরু করেন তিনি। তবে আঘাত নিয়ে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে অমিতাভ বলেন, চোট গুরুতর নয় এবং এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

প্রতিযোগীদের মঞ্চে স্বাগত জানানোর সময় অবশ্য তিনি যথারীতি দাঁড়িয়েই তাদের অভ্যর্থনা জানান। চোট নিয়েও তার পেশাদারিত্ব দেখে সেটে উপস্থিত দর্শক ও অন্যরা করতালি দিয়ে তাকে উৎসাহ দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

















