গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের মালিকানাধীন কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে কলোনির বাসিন্দা নাজমুল হোসেনের কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কলোনির আটটি কক্ষের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, কলোনির অধিকাংশ কক্ষই বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফলে কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান মালামাল বের করা সম্ভব হয়নি।
কলোনির মালিক আলমগীর হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইশতিয়াক হোসাইন বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও উৎস নিশ্চিত হওয়া যাবে।”

















