ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁদের দুজনের বাড়িই বিজয়নগর উপজেলায়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের তিন সদস্য ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা হন। সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে জেলা শহরের দিকে যাওয়ার সময় মনিপুর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজনই আহত হন।
মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, আহত তিন পুলিশ সদস্য ও দুই আসামিকে হাসপাতালের সার্জারি ও মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে মনিপুর এলাকায় পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
















