সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে প্রভাবশালীদের অগ্রাধিকার পাওয়ার প্রবণতা নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেখা গেছে, সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকাও সারের ডিলারশিপ পেয়েছেন।
নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

তিনি বলেন, “এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এ কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।”
বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়েও সমালোচনা করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, চুয়েটের উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে তাঁকে চেয়ার দখল করতে হয়েছে। তাঁরা দেশকে আবারও পিছিয়ে নিতে চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
















