রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকারি কাজে বাধা সৃষ্টি ও জনভোগান্তির অভিযোগে করা এ মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সোমবার (১২ অক্টোবর) রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গোদাগাড়ী উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

সমাবেশে কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি নেতারা ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা এবং সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে প্রশাসনের কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতারা।
এর আগে, সোমবার দুপুরে সার ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা লঙ্ঘন এবং অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা। কর্মসূচির একপর্যায়ে তাঁরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা মিলনায়তনে একটি অনুষ্ঠানে ছিলেন। এ সময় জামায়াত, এনসিপি ও কৃষকদলের একজনসহ ১৫ থেকে ১৬ জন ব্যক্তি এসে তাঁর কার্যালয়ে তালা দেন। তাঁদের মধ্যে আতিক, মাহফুজ, জিয়া, বাবলু, হেলাল ও আয়ানসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ইউএনও আরও বলেন, মব সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে আন্দোলনকারীরাই তালা খুলে দেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, সোমবার রাতে এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

















