সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
বাগলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হামিদুর রহমান ও মো. দুলাল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। এ ছাড়া বক্তব্য দেন- বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক প্রতিনিধি হাজি আব্দুল হালিম, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি লালু মিয়া, হাজি আমিনুল হক এবং মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, “তাহিরপুর উপজেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। শিক্ষার প্রসারের জন্য শিক্ষক ও অভিভাবকদের কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। ভালো ফলাফলের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই।”
সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে এবং কীভাবে পড়াশোনা করছে, সে বিষয়ে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পড়াশোনা যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে অভিভাবকদের সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।















