কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল।
এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।”
তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তিনি আরও বলেন, পূজামণ্ডপের আয়োজকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসকের এই পরিদর্শনের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।















