ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে এসআই রূপম কুমার সরকার এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী পাকা সড়কের পাশে উত্তর তেতাভূমি এলাকায় স্থানীয় সালাম মিয়ার বসতঘরের উত্তর পাশের জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি কালো রঙের ব্যাগ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলমসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি কালো ব্যাগ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলম বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, মাদক সরবরাহের উৎস শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন তারা।

















