কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর অভিযোগ, লুটপাটের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল দলটি। বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ছেড়েছে দলটির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ মনে করেছিল, লুটপাটের মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকা সম্ভব হবে। তবে তাদের সেই ধারণা বাস্তবায়িত হয়নি। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!

অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের একাধিক নেতার সাজা হয়েছে উল্লেখ করে স্পিকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথাও তুলে ধরেন।
বক্তব্যে সরকারের জবাবদিহি ও বাক্স্বাধীনতার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। স্পিকার বলেন, বর্তমানে মানুষ সরকারের পাশাপাশি সরকারপ্রধানেরও সমালোচনা করতে পারছে।
একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন তিনি।
ইশরাকের বিষয়ে স্পিকার বলেন, মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়ে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনি ভূমিকা রেখেছিলেন। তবে তাঁর হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন স্পিকার। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
স্পিকারের ভাষ্য, নিজ দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীনতার পরিচয় দিয়েছেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















