‘জান্নাতের টিকিট বিক্রি’র অভিযোগ নাকচ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁরা মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম মহানগরের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতীতে জামায়াতের নেতাকর্মীরা জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সাথী-সদস্যদের আমৃত্যু সংগঠনের কর্মী হিসেবে কাজ করতে হবে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সূচনা হলেও তা এখনো যথাযথ স্বীকৃতি পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গোৎসবের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত শক্তির প্রতিফলন : আনসার মহাপরিচালক

গত নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে বলে জানান জামায়াত আমির। তবে এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও একই পরিস্থিতি মেনে নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার নেতাকর্মী অংশ নেন।
সম্মেলন শেষে দুপুর ১টা ২০ মিনিটে ডা. শফিকুর রহমান নগরের হোটেল পেনিনসুলায় যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে চাকসু নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
















