ঢাকার সাভার উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠা আমাদের করণীয়’ শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে সাভার উপজেলা হেযবুত তওহীদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সাভার উপজেলা শাখার আমির সোহেল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, ঢাকা জেলা সভাপতি সুমন শেখ, আশুলিয়া থানা সভাপতি আব্দুল খালেক, সাভার থানা সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাভার থানা সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সৈকত, শফিকুল ইসলাম আরিফ প্রমুখ।
সভায় প্রধান বক্তা হিসেবে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বর্তমান বিশ্বে অশান্তি, অন্যায় ও অবিচার দূর করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া প্রকৃত বিধান অনুযায়ী জীবন ও রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু ইসলামের এই প্রকৃত শিক্ষা আজ মানুষের কাছে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। উগ্রবাদ ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার কারণে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। হেযবুত তওহীদ সেই বিভ্রান্তি দূর করে ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ আদর্শ মানুষের সামনে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
দারিয়াপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২

তিনি আরও বলেন, “ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যা মানবতার সার্বিক কল্যাণে নিবেদিত। রাসুলুল্লাহ (সা.) যে লক্ষ্য নিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করেছিলেন, আমাদের লক্ষ্যও ঠিক তাই, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করা।” এ সময় তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই কর্মীসভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

















