ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিয়ে সমালোচনায় পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজেকে ‘বিএনপি নেতা’ হিসেবে উল্লেখ করেন। এমনকি বক্তব্যের একটি অংশ প্রচার করে তাকে সারা দেশে ভাইরাল করে দেওয়ার আহ্বানও জানান।
সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করেন এবং তার পক্ষে ভোট চান।
সংসদ সদস্য বলেন, জনগণ তাকে ধানের শীষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে সাইদুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

দুই মিনিটের বেশি সময়ের ওই বক্তব্যের বিভিন্ন পর্যায়ে সংসদ সদস্যের পাশে বসে ইউএনও গোলাম রব্বানী সরদারকে হাততালি দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তার এমন আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে ইউএনও বলেন, ‘লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়।’ এরপর তিনি বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’
সাংবাদিককে উদ্দেশ করে ইউএনও বলেন, তার বক্তব্যের ওই অংশটুকু ক্লিপ করে প্রচার করতে, যাতে তিনি সারা দেশে ভাইরাল হন। এ সময় তিনি বলেন, ‘আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?’ একই সঙ্গে সংসদ সদস্যকে জিজ্ঞেস করে কাজ করার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
ইউএনওর এমন আচরণের সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন? আগামী নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণার সময় ইউএনওর আগ বাড়িয়ে হাততালি দিয়ে সমর্থন জানানো কোনোভাবেই কাম্য নয়।
















