ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবাহিনীর পরিবহন বিমানে করে বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য আনা হয়েছে। সিয়াং উপত্যকায় ১১ হাজার ২০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনার পাশাপাশি প্রতিবেশী আপার সুবানসিরি জেলাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানের একাধিক ফ্লাইট মহারাষ্ট্রের নভি মুম্বাই থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে আসে। অরুণাচল প্রদেশ পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিয়াং ও আপার সিয়াং এলাকায় ইতোমধ্যে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) কয়েকটি দল দায়িত্ব পালন করছে।
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!

এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নাগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। নারী সদস্যসহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৩৪টি কোম্পানি সেখানে মোতায়েন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৩ অক্টোবর পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন বিধায়কের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রেখেছে প্রশাসন। সহিংসতার ঘটনায় একাধিক মামলা করেছে অরুণাচল প্রদেশ পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজনকে আটক রাখা হয়েছে।
এদিকে সিয়াং উপত্যকার উত্তেজনার মধ্যেই আপার সুবানসিরি জেলাতেও অস্থিরতা দেখা দিয়েছে। সেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াটের আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন চলছে। একই সঙ্গে তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে আটক করার চেষ্টার প্রতিবাদে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়।
বন্ধ চলাকালে জেলা সদর দপ্তর ডাপোরিজোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা হয়।
অরুণাচল প্রদেশে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে বিক্ষোভ এবং সহিংসতার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিশেষ করে সিয়াং ও আপার সুবানসিরি এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।
সূত্র: এনডিটিভি
















