নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ফেনী সদর হাসপাতালের সাবস্টেশনে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। সাবস্টেশনের মেইন লাইন ও জেনারেটর ভেঙে তেল এবং মূল্যবান যন্ত্রপাতিসহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা। এ সময় ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় চরম দুর্ভোগের শিকার হন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল চোর সাবস্টেশনের পেছনের এক্সজস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সঞ্চালন মেইন লাইন, ট্রান্সমিটার ও জেনারেটর ভেঙে সেখান থেকে তেল এবং মূল্যবান যন্ত্রপাতিসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে পালিয়ে যায়।
সাবস্টেশনের মূল সঞ্চালন লাইনে সেই সময় বিদ্যুৎ সচল থাকা সত্ত্বেও কীভাবে চোরের দল এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আনসার ও ভিডিপিকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিল সরকার

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে এর আগেও বহুবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপের অভাবে কোনো ঘটনারই আজ পর্যন্ত প্রতিকার মেলেনি। একটি জনগুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে এ ধরনের চুরির ঘটনায় হাসপাতাল এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফেনী সদর হাসপাতালের পরিচালক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এর আগেও এখানে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
হাসপাতাল চত্বরে বড় চুরির এই ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং হাসপাতালে রোগীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

















