বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার সব দিক সম্পর্কে বিস্তারিত জানার পর এ বিষয়ে কথা বলবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফ সাউরির মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্ত সম্পন্ন হতে হবে এবং মরদেহের ময়নাতদন্তের ফলাফল জানতে হবে। এরপর সব বিষয় জেনে তিনি এ বিষয়ে কথা বলবেন।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স ছিল ২৮ বছর। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
তাহসিফের মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয়ের যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
















