রাজধানীর মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ সাংবাদিক জোট’।
প্রতিবাদ লিপিতে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।
জানা যায়, গত শুক্রবার মিরপুর-১০ এলাকায় পোশাকশ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া ও বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরতে সংবাদ সংগ্রহে যান সাংবাদিকরা। কিন্তু আন্দোলনকারীদের একটি দল হঠাৎ করেই সাংবাদিকদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে দৈনিক দেশেরপত্রের প্রতিনিধি মো. মেকদাদ এবং দেশ সময়-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মেহেদী হাসান মুয়াজসহ একাধিক সাংবাদিক গুরুতর আহত হন। হামলায় মেহেদী হাসান মুয়াজের হাত ভেঙে দেওয়া হয় এবং মো. মেকদাদসহ অন্যান্য সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয়।
আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

বাংলাদেশ সাংবাদিক জোটের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সব সময় নিরপেক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের কথা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরার কাজ করেন। শ্রমিকদের বক্তব্য তুলে ধরতে গিয়ে গণমাধ্যমকর্মীদেরই এভাবে হামলার শিকার হওয়া এবং গুরুতর আহত হওয়া অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক ও উদ্বেগজনক।
বিবৃতিতে জোট নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যদি প্রতিনিয়ত সহিংসতা ও নির্যাতনের শিকার হন, তবে দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হবে।
‘বাংলাদেশ সাংবাদিক জোট’-এর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পর্যালোচনা করে হামলায় জড়িতদের অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।
এছাড়া, আহত সাংবাদিকদের দ্রুত ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে সংগঠনটি।
















