গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি বাসায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করে। এ সময় নাজমুল ইসলাম বাপ্পি নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের তাইজুল ইসলামের ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার চলমান প্রক্রিয়ায় গত কয়েকদিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করে আসছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ইয়াবা তৈরির কারখানার সত্যতা মেলে। এ সময় সেখানে মজুত করা ইয়াবা তৈরির রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

তিনি আরও বলেন, ইয়াবা তৈরি করার জন্য বাসার চতুর্থ তলার একটি গোপন কক্ষে নাজমুল ইসলাম বাপ্পি প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদান মজুত করেন। কক্ষটি বাড়ির ভেতরে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে খুঁজে না পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে বাপ্পি দাবি করেন, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরার পর প্রেমঘটিত কারণে আঘাত পেয়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
















