বিএনপি সরকার ক্রসফায়ার শুরু করলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত নিজ দলের লোকদেরই এর মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজন লোককেও খুঁজে পাওয়া যাবে না।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়াগামী এই লংমার্চের পথসভায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন হাসনাত।
বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চাকরি দেওয়ার কথা বলে যারা ঘুষ নেয়, তাদেরও এর আওতায় আনতে হবে। আর এসব অপরাধে জড়িতদের মধ্যে বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন বলে দাবি করেন তিনি।
মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!

হাসনাত বলেন, বিএনপির সবাই চাঁদাবাজি করেন না, এটি যেমন সত্য; তেমনি যারা চাঁদাবাজি করেন, তাঁরা প্রত্যেকেই বিএনপির—এটিও সত্য।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশ নামের গাড়িটির ইঞ্জিন নষ্ট করে দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না।
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন বিষয়ে কথা বললে পুলিশ দিয়ে মানুষকে বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে। ময়মনসিংহের সাথী আক্তার নামে এক নারীকে পুলিশ বাসা থেকে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। ওই নারী ফেসবুক লাইভে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন বলে জানান হাসনাত।
চাকরির সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। হাসনাতের অভিযোগ, জাপান ও মালয়েশিয়া সফর শেষে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে জানানো হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ ভাত, কর্মসংস্থান ও নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চায়।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তাঁর দাবি, সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ ঋণখেলাপির কারণে সংকটে থাকা ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের পরিকল্পনা দেখা যাচ্ছে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা নিয়েও সমালোচনা করেন তিনি। হাসনাতের ভাষ্য, সরকারপ্রধানের কাছ থেকে দেশ গড়ার পরিকল্পনা প্রত্যাশা করা হলেও দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনা দেখা যাচ্ছে। এ ধরনের পরিকল্পনা জনগণ চায়নি বলেও মন্তব্য করেন তিনি।
















