রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা তিনটি মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলের পুরো নেটওয়ার্ক এখন সচল রয়েছে এবং সব স্টেশনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।
রোববার এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তার স্বার্থে মিরপুরের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির!

রোববার সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা ১১টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হলে বন্ধ থাকা তিনটি মেট্রোরেল স্টেশন খুলে দেওয়া হয়।
















