পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
পাটগ্রাম বাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) পাটগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।
অভিযানকালে বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়।
১২ শিক্ষক মিলে পাস করাতে পারলেন না কলেজের একমাত্র শিক্ষার্থীকে!

এদিকে, পাটগ্রাম বাজারে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রচণ্ড রোদ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন তারা।
তবে প্রশাসন ও ট্রাফিক পুলিশের ধারাবাহিক প্রচেষ্টা এবং একাধিক অভিযান সত্ত্বেও যানজটের স্থায়ী সমাধান এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান কিংবা জরিমানা করে যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পার্কিং ও যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ, ফুটপাত দখলমুক্ত রাখা, নিয়মিত তদারকি এবং সাধারণ মানুষের সচেতনতা।
মনে রাখতে হবে, যানজট নিরসন শুধু প্রশাসন কিংবা ট্রাফিক পুলিশের একার দায়িত্ব নয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী, ব্যবসায়ী ও পথচারী—সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

















