গাইবান্ধা প্রতিনিধি:
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।
এতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খয়বর হোসেন, শাহিদুল আলম তোতাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও লজ্জাজনক। যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, মৃত্যুর পর তার প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পরে পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) দেওয়ার প্রস্তুতিকালে বাধার সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ লাইন্সে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এবং গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
















