রাজধানীর মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ সময় আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিংয়ের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
এ ছাড়া আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে। সংঘর্ষের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ও পুলিশের তৎপরতা ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
















