রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নতুন বাজারের কোকাকোলা গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বৈশাখী পরিবহনের বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

তিনি আরও জানান, ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগুন লাগার পর ওই সড়কের এক পাশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
















