সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। তবে ওই ঘটনার পর গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা পরীমনিকে অনুষ্ঠানে অতিথি হিসেবে রাখার বিষয়ে আপত্তি জানান।
এ পরিস্থিতিতে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
পোস্টারটি দেখে জাতীয় পত্রিকার এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, দৈনিক সমকালের সাংবাদিক রবির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার মায়ের কাছেও ক্ষমা চাইতে হবে। অন্যথায় আয়োজকদের বিকল্প অতিথি খুঁজে নেওয়ার আহ্বান জানান তিনি।
ওই পোস্টের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের প্রতিবাদের পর আয়োজকরা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীমনিকে বাদ দিয়ে নতুন অতিথি তালিকা অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
















