সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক দিনেই করেছেন ২১৩ রান, ভেঙেছেন সাকিব আল হাসানের গড়া বাংলাদেশের হয়ে এক দিনে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন হৃদয়। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।
শুক্রবার (৬ নভেম্বর) ব্যাকফুটে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটারদের দ্রুত বিদায়ে চাপে পড়ে দল। তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। একের পর এক দারুণ শটে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামাল দিয়ে এগিয়ে যান তিনি।
২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা হৃদয় দিন শেষে পৌঁছান ২৪২ রানে। অর্থাৎ এক দিনেই নিজের সংগ্রহে যোগ করেন ২১৩ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক দিনে কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন কীর্তি গড়লেন হৃদয়।
এমবাপেকে ঘিরে চীনে তোলপাড়, ক্ষমা চেয়েও কাটছে না বিতর্ক!

এদিন আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এত দিন ছিল মুমিনুল হকের দখলে। প্রথম সেঞ্চুরিতে ১৮১ রান করেছিলেন মুমিনুল। তাঁকে ছাড়িয়ে নিজের প্রথম শতককেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন হৃদয়।
এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিশতক করা চতুর্থ ব্যাটার হলেন হৃদয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাঁদের মধ্যে মুশফিকের তিনটি, সাকিব ও তামিমের একটি করে দ্বিশতক রয়েছে। পাশাপাশি ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের ২১৯ রানের।
হৃদয়ের এই ইনিংসে ছিল ২২টি চার ও ১১টি ছক্কা। অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের চেয়ে ৩০ রানের লিড নেয়।
উল্লেখ্য, সিলেট টেস্টের আগে চার ইনিংসে হৃদয়ের সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান। ঢাকা টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর তাঁর দলে জায়গা নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছিল। তবে সিলেটে ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলে সব সমালোচনার জবাব দিয়েছেন এই তরুণ ব্যাটার।
















