দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিগুলো আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে জনগণ এসব অপশক্তিকে পরাজিত করলেও তারা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের ভোটাধিকার ও বাক্স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির আয়োজিত শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটি মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটাধিকার ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। জনগণ তাদের পরাজিত করেছে। তবে সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

তিনি আরও বলেন, ‘আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা।’
তারেক রহমান বলেন, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের শোভাযাত্রা চলমান থাকবে।
এর আগে দিবসটি উপলক্ষে বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর পাশাপাশি অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বিকেল সাড়ে চারটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ট্রাকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান।
















