জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্যসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
পরে তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায় শোভাযাত্রাটি। পুরো পথজুড়ে হেঁটে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।
এদিকে, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
শুধু রাজধানী ঢাকায় নয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি।
















