জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয় ও অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই এবং যা অশ্লীলতার পর্যায়ে পড়ে।
এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
















