ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, আশরাফুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
















