২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নসহ অর্থনীতির বিভিন্ন খাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। পরিকল্পনার মূল লক্ষ্য হলো বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করে বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিকে সমন্বিতভাবে যুক্ত করে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অর্থনীতির বিদ্যমান নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে একটি ইতিবাচক ও টেকসই চক্র প্রতিষ্ঠা করতে চায় সরকার।
টানা চতুর্থ দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা!

তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি টেকসই জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় শিল্প খাতে নীতিগত সহায়তা, বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরবরাহব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় কমানোর পরিকল্পনাও রয়েছে।
অর্থনীতির গতি বাড়াতে আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশের জনমিতিক সুবিধা ও মানুষের বর্ধিত আয়ুষ্কালের সুফল কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার।
বাজেট দলিল অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে দেশের অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। বাহ্যিক অভিঘাত, দুর্নীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার অবনতিকে অর্থনৈতিক মন্থরতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ২২ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৩ দশমিক ৪৯ শতাংশে।
বাজেট দলিলে প্রবৃদ্ধির এই মন্থরতার পেছনে কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদের হার, সুশাসনের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। ওই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় বড় ধরনের চাপ সৃষ্টি করে।
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে ২০৩০-৩১ অর্থবছরের জন্যও কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা, জিডিপির ২ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিশ্চিত করা এবং মোট বিনিয়োগ জিডিপির ৪০ শতাংশে উন্নীত করা।
এসব লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং উৎপাদনমুখী শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকার তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছে। এগুলো হলো পুনরুদ্ধার ও স্থিতিশীলতা, পুনঃপ্রতিষ্ঠা এবং দ্রুত উন্নয়নের জন্য পুনর্গঠন।
প্রথম পর্যায়টি এক বছর মেয়াদি। এ সময়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
দ্বিতীয় পর্যায়টি তিন বছর মেয়াদি। এ ধাপে রাজস্ব খাতের সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করা এবং ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো হবে।
তৃতীয় পর্যায়টি পাঁচ বছর মেয়াদি। এ পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করা হবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করে প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনী অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অর্থনীতিতে গতি ফেরাতে বন্ধ ও অকার্যকর শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ইতোমধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানায় প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও তিনটি পাটকল চালুর প্রস্তুতি চলছে। বৃহত্তর এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ন্যাশনাল জুট মিলস ও স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপের সঙ্গে প্লাটিনাম জুবিলি জুট মিলসের ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠান থেকে বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে। বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন এবং বিদেশি বাজার সম্প্রসারণেও বিনিয়োগ উৎসাহিত করছে সরকার।
সামাজিক নিরাপত্তা জোরদার করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় প্রায় ৪১ লাখ অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ এবং পর্যায়ক্রমে কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু হচ্ছে ফার্মার কার্ড কর্মসূচি। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। দীর্ঘ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি উপকরণের ব্যয় মেটানো এবং উৎপাদন অব্যাহত রাখতে বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
কৃষি উৎপাদন বাড়ানো এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত ৩৬০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এ ছাড়া ধর্মীয় সেবাদানকারীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত এবং মন্দিরের সেবায়েতদের সহায়তা দেওয়ার এ কর্মসূচিতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৬০ হাজার উপকারভোগীকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশ নিয়োগ, প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায় সরকার। হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে এসব উদ্যোগে।
শিল্প উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলএনজি টার্মিনালের সক্ষমতা উন্নয়ন এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও বিশেষ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরঞ্জাম আমদানিতে করছাড়, আর্থিক সহায়তা এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার মতো প্রণোদনার কথা বলা হয়েছে। এ ছাড়া উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রির সুযোগ এবং সরকারি দপ্তর ও উপযুক্ত সরকারি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
অর্থনীতির সামগ্রিক সক্ষমতা বাড়াতে সড়ক, সেতু, রেল ও পরিবহন নেটওয়ার্কের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যোগাযোগব্যবস্থা সহজ করা, পণ্য পরিবহনের ব্যয় কমানো এবং গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শিল্প ও বাজারের সংযোগ জোরদার করার প্রত্যাশা করছে সরকার।
পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের পরিকল্পনাও রয়েছে। মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় বাড়িয়ে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় সরকার।
সব মিলিয়ে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সামনে রেখে বিনিয়োগ, শিল্পায়ন, কৃষি, জ্বালানি, অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে একই পরিকল্পনার আওতায় আনছে সরকার। তবে এই বিশাল লক্ষ্য অর্জন নির্ভর করবে পরিকল্পনাগুলোর কার্যকর বাস্তবায়ন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং ধারাবাহিক উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর।
















