দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের বিভিন্ন দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। বিশেষ করে দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ সমস্যা সমাধানে নির্বাচক ও কোচদের কাছে বারবার অলরাউন্ডার চেয়েও পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। পাশাপাশি দলের একাদশ নির্বাচন, বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো, মুশফিকুর রহিমের ফর্ম এবং ম্যাচে ক্যাচ মিস ও নো বলের মতো ভুল নিয়েও কথা বলেছেন তিনি।
জোহানেসবার্গ টেস্টের পর সংবাদ সম্মেলনে শরীফুল ইসলামের একাদশে না থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েন নাজমুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট নেওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেছিলেন শরীফুল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে একাদশে রাখা হয়নি।
এ বিষয়ে অধিনায়ক বলেন, শরীফুল, তাসকিন ও হাসান—তিনজনই নতুন বলে কার্যকর বোলিং করতে পারেন। তবে হাসান ও তাসকিন পুরোনো বলেও ভালো বোলিং করেন। দলে পাঁচ থেকে ছয়জন বোলার থাকায় তাদের পর্যায়ক্রমে খেলাতে হয়। ফলে ইচ্ছা থাকলেও একাদশ নির্বাচন করতে গিয়ে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

অন্যদিকে, প্রথম ইনিংসে ১৫ ওভার বোলিং করে একটি উইকেট নেওয়া ইবাদত হোসেনকে একাদশে রাখার কারণও ব্যাখ্যা করেছেন নাজমুল। তার মতে, কন্ডিশন বিবেচনায় পুরোনো বলে বাড়তি চাপ তৈরি করতে পারেন—এমন একজন বোলারের প্রয়োজন ছিল। ইবাদত সাধারণত এই ভূমিকা ভালোভাবেই পালন করেন। তবে এই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী সেটি হয়নি। তারপরও দলের নির্বাচিত কম্বিনেশনকে ভালো বলেই মনে করেন অধিনায়ক।
মুশফিকুর রহিমের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। সর্বশেষ ১২ ইনিংসে মাত্র একটি অর্ধশতক পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে মুশফিকের সামর্থ্য ও দলে তার অবদান নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন নাজমুল।
তিনি বলেন, চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মুশফিক অনেক ভালো ক্রিকেট খেলেছেন। শুধু ব্যাটিং নয়, ড্রেসিংরুম ও মাঠে তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। মুশফিককে নিয়ে তার কোনো সংশয় নেই এবং পরের ম্যাচে তিনি আরও ভালোভাবে ফিরে আসবেন বলে আশাবাদী অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের দেওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
জোহানেসবার্গ টেস্টে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের ভুলগুলোকেও দায়ী করেছেন নাজমুল। তার মতে, প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ম্যাচ হারের পেছনে নো বল ও ক্যাচ মিসের বড় ভূমিকা ছিল।
অধিনায়ক জানান, ইনিংসের শুরুতে নো বলের কারণে উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয়। একই সময়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিকেলটনের ক্যাচও মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। তার মতে, শীর্ষস্থানীয় দলের বিপক্ষে জিততে হলে এ ধরনের ভুল যতটা সম্ভব কমিয়ে আনতে হবে।
তবে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পেস বোলিং অলরাউন্ডারের সংকটের বিষয়টি। নাজমুল জানান, টেস্ট দলে একজন কার্যকর পেস বোলিং অলরাউন্ডারের অভাব বাংলাদেশ দীর্ঘদিন ধরেই অনুভব করছে। এ নিয়ে নির্বাচক প্যানেল ও দেশের কোচদের কাছে বারবার অনুরোধ জানানো হলেও প্রত্যাশিত খেলোয়াড় পাওয়া যাচ্ছে না।
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘এই জায়গায় আমরা সব সময়ই অভাব বোধ করি এবং ভুগছি। কয়েক বছর ধরে যারা নির্বাচক প্যানেলে ছিলেন বা এখন আছেন, পাশাপাশি আমাদের দেশে যারা কোচ হিসেবে কাজ করছেন, তাদের সবাইকেই আমাদের একটাই অনুরোধ—আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না।’
দলের এই দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটাতে দেশের নির্বাচক ও কোচদের আরও উদ্যোগী হওয়ার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

















