কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এরপর বিপুল পরিমাণ অর্থ গণনার কাজ শুরু করেন পাঁচ শতাধিক মানুষ। তবে এসব টাকার মোট পরিমাণ এখনো জানা যায়নি। গণনা শেষ হলেই জানা যাবে এবার দানবাক্সে কত টাকা জমা পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনার কার্যক্রম।
এ কাজে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া গণনার কাজে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিও অংশ নিয়েছেন।
গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পর দানবাক্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ বিরতির কারণে এবার দানবাক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন করে স্থাপন করা হয়েছে আরও দুটি দানবাক্স।
এর আগে গত ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।
শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এবার ১৫টি দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। তবে বিপুল এই অর্থের পরিমাণ কত দাঁড়ায়, তা জানতে চলছে গণনার কাজ। গণনা শেষ হওয়ার পরই জানা যাবে পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বমোট কত টাকা জমা পড়েছে।
















