ব্যক্তিগত জীবনে নতুন আনন্দের অধ্যায়ে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তিনি। গত ১৯ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করেন সামান্থা ও রাজ। ছবিতে দেখা যায়, দুজন স্নেহভরে তাঁদের সন্তানের ছোট্ট আঙুল ধরে রেখেছেন। ছবিটির মাধ্যমে নতুন অতিথির আগমনের খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, তাঁদের পুত্রসন্তান দেব নিদিমোরুর জন্ম হয়েছে ১৯ নভেম্বর। সন্তানের আগমনে তাঁদের হৃদয় আনন্দে ভরে উঠেছে বলেও জানান তিনি।
সামান্থার এই সুখবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র জগতের সহকর্মীরাও তাঁদের শুভকামনা জানিয়েছেন। অভিনেতা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমারসহ অনেকেই নবজাতককে ভালোবাসা জানিয়েছেন এবং নতুন মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ, একমাত্র ভারতীয় অভিনেতা!

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন সামান্থা ও রাজ। তবে প্রথম সন্তানের আগমন তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই আনন্দঘন মুহূর্তে ভক্তদের সঙ্গে সন্তানের প্রথম ছবি ভাগ করে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
সামান্থার ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা চড়াই-উতরাইয়ের গল্প। এর আগে ২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি। ভারতের গোয়ায় জমকালো আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তবে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালের অক্টোবরে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এরপর নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত সুস্থতার দিকে মনোযোগী হন অভিনেত্রী।
পরবর্তী সময়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজের সূত্রে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের সম্পর্ক প্রেমে গড়ায়। ব্যক্তিগত জীবন আড়ালে রেখেই নতুন করে পথচলা শুরু করেন তাঁরা। এবার সেই পথচলায় যুক্ত হলো নতুন সদস্য—পুত্রসন্তান দেব নিদিমোরু।
















