বগুড়া প্রতিনিধি:
উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের আলতাফ আলী মার্কেটস্থ হোটেল ৭১ ইন-এ ‘সবার জন্য বাংলাদেশ’, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘সবার জন্য বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ। জেলা কো-অর্ডিনেটর রায়হানুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালজার রহমান সাবু।
মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

অনুষ্ঠানের শুরুতে ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং ঢাকায় অনুষ্ঠিত পূর্ববর্তী কর্মসূচির সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়। এতে সাম্প্রতিক সময়ের উগ্রবাদ, মব সন্ত্রাস ও সামাজিক বিভাজনের নানামুখী নেতিবাচক দিক ফুটে ওঠে।
প্রধান আলোচকের বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, একটি মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ নির্মূল করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
স্বাগত বক্তব্যে রায়হানুল ইসলাম বলেন, একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গঠনে মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বগুড়ার আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ বর্তমান সময়ের একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ ব্যাধি নিরসনে ‘সবার জন্য বাংলাদেশ’-এর এই উদ্যোগ সময়োপযোগী।
সভার দ্বিতীয় পর্বে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে লায়ন আতিকুর রহমান মিঠুকে আহ্বায়ক এবং রায়হানুল ইসলামকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হোসেন, চন্দন চক্রবর্তী, আমির খসরু সেলিম ও জাহিদুর রহমান মুক্তা।
সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

















