কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কাউনিয়ার জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (গেজেট নম্বর ১১৬৩) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলি নিয়ে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর (বাঁধের পাড়) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, সুধী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য মানুষ অংশ নেন। এর আগে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

বিপ্লব হোসেনের স্ত্রী ফুলেরা বেগম জানান, তার স্বামী রংপুর শহরে জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১২ জুলাই পুলিশের গুলিতে আহত হন। তার শরীরে ছররা গুলি আটকে ছিল। গুলিবিদ্ধ শরীর নিয়ে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি সুচিকিৎসা নিতে পারেননি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন, ট্রমাটিক সমস্যার পাশাপাশি তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন।
তার স্ত্রী বলেন, স্বামী জীবিত থাকাকালীন অনেক নেতাকর্মীকে ফোন দিয়ে চিকিৎসার জন্য সাহায্য কামনা করলেও কেউ সাড়া দেননি। এমনকি সরকারি কর্মকর্তাদের দ্বারস্থ হয়েও চিকিৎসা সহায়তা পাননি তিনি। সময়মতো সঠিক চিকিৎসা পেলে তিনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন।
তিনি আরও বলেন, ঝালমুড়ি বিক্রেতা স্বামীর আয়ে তিন ছেলে ও এক মেয়ের পড়ালেখা, শাশুড়ির ভরণপোষণসহ সংসার চলত। এখন স্বামীর মৃত্যুর পর সংসার ও ছেলেমেয়েদের পড়ালেখার খরচ নিয়ে তারা চরম অনিশ্চিয়তায় পড়েছেন।
বিপ্লব হোসেনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। সেই সঙ্গে সরকারি যত সুযোগ-সুবিধা আছে, তার ব্যবস্থা করবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন। এলাকায় ফিরে তিনি বিপ্লব হোসেনের বাড়িতে গিয়ে দেখা করবেন বলে জানান।
















