বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে সম্প্রতি দেশে ফিরেছিলেন ২৬ বছর বয়সী লিটন ইসলাম। দেশে ফেরার পর বিয়েও করেছিলেন তিনি। নতুন জীবনের স্বপ্ন নিয়ে শুক্রবার ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। বগুড়ার সান্তাহারে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া রেলস্টেশন এলাকা থেকে লিটনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত লিটন ইসলাম (২৬) গাইবান্ধার সাঘাটা উপজেলা সদর এলাকার মৃত মোজাম্মেল হক মোজামের ছেলে। জানা গেছে, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরপরই বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন লিটন।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন তিনি। ভোরে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। তবে পথে সান্তাহারের হেলালিয়া রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়।
সকালে দুর্ঘটনার খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক ফজলুল হক ঘটনাস্থলে যান। পরে রেলস্টেশনের প্ল্যাটফরমের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে থাকা মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করেন। এরপর সেগুলো একটি ব্যাগে সংগ্রহ করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের অংশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফেরা এবং বিয়ের পর নতুন জীবন শুরুর অল্প সময়ের মধ্যেই এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

















