চট্টগ্রাম প্রতিনিধি:
দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে নিজেদের প্রস্তাবনা তুলে ধরতে চট্টগ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করেছে হেযবুত তওহীদ চট্টগ্রাম অঞ্চল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরীর সারাইপাড়া লোহারপোল এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেযবুত তওহীদ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোহানের সঞ্চালনায় এবং চট্টগ্রাম জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের আমির শফিকুল আলম উখবাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর চট্টগ্রাম জেলা আহ্বায়ক শাহজাহান আলী খান, হেযবুত তওহীদ চট্টগ্রাম অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক মাহমুদা সুলতানা হ্যাপি, কক্সবাজার জেলা সভাপতি তারেক হোসেন জিন্নাহ এবং খাগড়াছড়ি জেলা সভাপতি উজ্জ্বল আহমেদ।
সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট, সহিংসতা ও সামাজিক অস্থিরতা নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উগ্রবাদী কর্মকাণ্ড, মব সন্ত্রাস এবং আইনবহির্ভূত কার্যকলাপের কঠোর সমালোচনা করেন তাঁরা।
বক্তারা বলেন, দেশের মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জীবনবিধান অনুসরণ করতে হবে। তাঁদের মতে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই জাতীয় জীবনের চলমান সংকটগুলোর স্থায়ী সমাধান সম্ভব।
তাঁরা আরও বলেন, রাজনৈতিক বিভেদ, সংঘাত ও সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত হেযবুত তওহীদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
















