নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থানেই গড়ে ওঠে সম্প্রীতির বাংলাদেশ। বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোণা জেলার সালতি কনভেনশন হলরুমে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামছুল হুদা। নেত্রকোণা জেলা কো-অর্ডিনেটর রবিউল আলম তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির ঢাকা মহানগর কো-অর্ডিনেটর আশিক মাহমুদ, কবি ও লেখক এনামুল হক পলাশ, সুফি ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, কবি ও লেখক আনোয়ারুল হক এবং সাবেক উদীচী সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা


মুখ্য আলোচক এসএম সামছুল হুদা বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় নেত্রকোণা জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদ ও বিদ্বেষমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

















