ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তরুণ ছাত্রনেতাদের প্রচলিত চাকরির পেছনে না ছুটে নেতৃত্বের গুণাবলি অর্জন, নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তরুণদের ভবিষ্যৎ গঠন ও জাতীয় নেতৃত্বে এগিয়ে নেওয়ার বিষয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন জামায়াত আমির।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিগত জীবন নিয়ে জামায়াত আমিরের কাছে পরামর্শ চান।
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

এ সময় তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহারের বিয়ের প্রসঙ্গ তুলে ধরেন। তাদের বয়স তুলনামূলক বেশি হওয়ায় বিয়ের জন্য নিয়মিত আগ্রহ প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ জানতে চাইলে ডা. শফিকুর রহমান উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।’
বিয়ের গুরুত্ব বোঝাতে তিনি অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করেন। সেখানে তিনি বলেন, বিয়ে শুধু আনন্দ উপভোগের জন্য নয়, বরং সভ্যতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময়মতো বিয়ের সিদ্ধান্ত না নিলে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যা সংকটের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, অনেক দেশে জন্মহার ও জনসংখ্যা কমে যাওয়ায় বিয়ে এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। জনসংখ্যা সংকুচিত হয়ে আসায় এসব দেশ নতুন করে পরিবার গঠনে উৎসাহিত করার উদ্যোগ নিচ্ছে।
এ সময় ছাত্রনেতাদের বিয়ের বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব। বিয়ে করিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব।’
অন্যদিকে, তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তারা শুধু চাকরির পেছনে ছুটুক। বরং তারা যেন নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, তরুণদের নেতৃত্ব দিতে হবে, নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে হবে এবং উদ্যোক্তা হওয়ার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে। আজকের তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. শফিকুর রহমান আরও জানান, তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের মেধা, যোগ্যতা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে চান তারা। তার প্রত্যাশা, আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আর সেই উন্নয়ন ও অগ্রযাত্রার সুফল ভোগ করবে কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং দেশের ১৮ কোটি মানুষ।
















