দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের সব শরিককে সঙ্গে নিয়ে অংশ নিতে চায় দলটি। পাশাপাশি সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছে জামায়াত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলটির অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

সরকার ও বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতের পক্ষ থেকে ১১ দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানানো হয়। একই সঙ্গে সংলাপের স্থান হিসেবে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। দলটির অবস্থান, সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, বরং সবার কাছে গ্রহণযোগ্য কোনো স্থানে এই আলোচনা হওয়া উচিত।
এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিরোধী দল হিসেবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে। সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের সঙ্গে সংলাপ হলে সেখানে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) থাকবে বলে তাদের জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ১১ দলীয় ঐক্য একসঙ্গে আলোচনায় বসবে—এ অবস্থানে তারা অনড়। পাশাপাশি নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজনের বিষয়টিও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। তবে জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে এই মতবিনিময়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সংলাপের শর্ত প্রসঙ্গে বলেন, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপ হলে তার জন্য নিরপেক্ষ স্থান প্রয়োজন। সেখানে বিভিন্ন দাবি উত্থাপন এবং সেগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানোর সুযোগ থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়নকে তাদের প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও জানান, সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেই সংলাপে বসতে চায়। শিগগিরই সংলাপ অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন। নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলের ব্যানারে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
এদিকে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভাব্য এই দুই সংলাপ নিয়ে জোটের চূড়ান্ত অবস্থান নির্ধারণে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভায় সংলাপের প্রস্তুতি ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
















