ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বানে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আইমান কামালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ‘সবার জন্য বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুর রহমান। সভা সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আক্কাচ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর কুষ্টিয়া জেলা সভাপতি অ্যাডভোকেট সোহেল সাঈদ, কুষ্টিয়া জেলা জজকোর্টের অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী, মেঘনা এনজিওর এক্সিকিউটিভ ড. আল মাহমুদ সুমন, সাবেক সেনাসদস্য সার্জেন্ট আব্দুর রহমান, প্রজন্ম দলের জেলা আহ্বায়ক এস কে জামান, সাবেক অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ফকির-সাধক ফজলুল করিম, উপজেলা আনজুমান আহলে সুন্নতের সৈয়দ শাকিল আহমেদ, আমলা সরকারি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ সিদ্দিক এবং কুষ্টিয়া জেলা জজকোর্টের অ্যাডভোকেট সোহেল সাহেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

সভায় শুরুতে ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সাম্প্রতিক সময়ে উগ্রবাদ, মব সন্ত্রাস ও সামাজিক বিভাজনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হয়।
প্রধান আলোচকের বক্তব্যে মোহাম্মদ সাইফুর রহমান বলেন, একটি মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ দূর করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়ার ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ বর্তমান সময়ের অন্যতম উদ্বেগজনক সামাজিক সমস্যা। এসব অন্যায় ও সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সচেতনতা জরুরি। তাঁরা ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর কুষ্টিয়া জেলা শাখা গঠনের বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। উপস্থিত ব্যক্তিরা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

















