যশোরের শার্শায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালোবাসা। মাত্র ছয় মাসের সম্পর্কের পর সেই ভালোবাসার মানুষকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি। দুই পরিবারের সম্মতিতে শনিবার (২৮ নভেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়েছেন। সেখানে থাকাকালীন টিকটকের মাধ্যমে কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় একপর্যায়ে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।
সোহাগ জানান, প্রথমে টিকটকে পরিচয়, এরপর নিয়মিত কথাবার্তা ও বন্ধুত্ব। ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। প্রায় ছয় মাসের সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও আন্তরিকতা বাড়ার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একপর্যায়ে ভার্চুয়াল জগতের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দিতে উদ্যোগী হন দুজন।
মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা

নূর হায়াতি জানান, তিনি একা বাংলাদেশে আসেননি; সঙ্গে নিয়ে এসেছেন মা-বাবাকেও। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে পৌঁছান তিনি। পরে সোহাগের বাড়ি যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে যান। দুই পরিবারের সম্মতিতে শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি ও বাংলাদেশের সোহাগ হোসেনের বিয়েকে ঘিরে দুই পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ভিন্ন দেশ ও সংস্কৃতির দুই মানুষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল বিয়ের মাধ্যমে।
















