মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম রিপনকে আহ্বায়ক এবং আরিফুল ইসলামকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংগঠনটির আয়োজনে মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহবুব আলম মাহফুজ। মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর আরিফুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মিনারুল ইসলাম।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

এ সময় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুর রহমান, মেহেরপুর থিয়েটারের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, জাতীয় সাংস্কৃতিক জোটের সদস্যসচিব এ বাকা বিল্লা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির জেলা শাখার আহ্বায়ক সঞ্জীব পাল বাপ্পি, মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সদস্যসচিব রায়হানুল কবির, সদর উপজেলা বাউল সম্প্রদায়ের সভাপতি আব্দুল্লাহ, শিক্ষক কাশুদুর রহমান সাজু, নাট্য অভিনেতা দিলারা পারভিন ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী তহমিনা প্রমুখ।
মুখ্য আলোচক ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্ম নেওয়া প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির এ অগ্রযাত্রায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, বিদ্বেষ ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্ম-বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ভিত্তিতে সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

















