দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে এবার দেখা গেল এক আবেগঘন অধ্যায়। পর্দায় মারা গেছেন কাবিলার মা পলি চেয়ারম্যান। মায়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে আসে কাবিলা, সঙ্গে যায় তার বন্ধুরাও। হৃদয়স্পর্শী এই দৃশ্যের পাশাপাশি প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে শ্রদ্ধা জানিয়ে পর্বটি উৎসর্গ করেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবার। এতে আবেগাপ্লুত হয়েছেন দর্শকরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ’-এর শেষ ছয়টি পর্ব। সেখানেই দেখানো হয় পলি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনা। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে কাবিলা ও তার বন্ধুদের গ্রামে ফিরে যাওয়ার দৃশ্যটি দর্শকদের মনে গভীর আবেগের সৃষ্টি করেছে।

ধারাবাহিকটিতে কাবিলার মায়ের চরিত্রে ছিলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। বাস্তবে তাকে খুব বেশি পর্দায় দেখা না গেলেও ফোনের ওপাশ থেকে শোনা যেত তার কণ্ঠ। ছেলে কাবিলার কাছে মায়ের পরিচয় ছিল পলি চেয়ারম্যান। নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান হিসেবে গল্পে পরিচিত ছিলেন তিনি। পরবর্তী সময়ে কাবিলার বন্ধুদের সঙ্গে গ্রামে যাওয়ার কয়েকটি পর্বে সরাসরি দেখা যায় তাকে।
এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!

গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী গুলশান আরা আহমেদ। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলার মা পলি চেয়ারম্যান হিসেবে। তার মৃত্যুর সময় ধারাবাহিকটির চরিত্রগুলোর পাশাপাশি দর্শকদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছিল।
এবার পর্দার গল্পেও পলি চেয়ারম্যানের মৃত্যুর মধ্য দিয়ে সেই স্মৃতিকে নতুন করে সামনে এনেছে নির্মাতা দল। শুধু গল্পের অংশ হিসেবেই নয়, পর্বটি প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে উৎসর্গ করা হয়েছে। পর্বের শেষে তার একটি ছবি দিয়ে লেখা হয়, ‘প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাকে উৎসর্গ করা হলো।’
ধারাবাহিকটির প্রধান চরিত্র না হয়েও গুলশান আরা আহমেদ দর্শকদের মনে যে জায়গা করে নিয়েছিলেন, তার প্রমাণ মিলেছে এই স্মরণপর্ব ঘিরে দর্শকদের প্রতিক্রিয়ায়। দীর্ঘদিন পরও একজন প্রয়াত শিল্পীকে এভাবে সম্মান জানানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

এদিকে ১৪০টি পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করা ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল। এর বিভিন্ন চরিত্র, সংলাপ, হাস্যরস ও আবেগঘন মুহূর্ত জায়গা করে নিয়েছিল দর্শকদের দৈনন্দিন জীবনে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চম সিজনের মধ্য দিয়েই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দীর্ঘ পথচলা শেষ হয়েছে। তবে শেষ দিকে গল্পের কিছু বিষয় খোলা রাখা হয়েছে। ফলে ভবিষ্যতে দর্শকদের আগ্রহে ধারাবাহিকটি আবারও ফিরতে পারে কি না, তা নিয়ে কৌতূহল রয়ে গেছে।
















