কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এর আগে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাঁর যোগাযোগ এবং পুলিশের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর তাঁকে নজরদারিতে রাখা হয়।
এ ঘটনায় আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।
মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পাওয়া গেছে। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাঁকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
একই সঙ্গে ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম এ তদন্তের দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীর আলমকে তলব করেন ডিআইজি। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তার বিষয়টি মামলায় উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার…।’
এ ধরনের আরও কিছু কথোপকথনের তথ্য এজাহারে উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলাটি পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
















